মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়ার কাছ থেকে ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্রয়ের বিষয়টি আলোচনা হয়েছে। অস্টিন জানিয়েছেন, মার্কিন মিত্রদের রুশ সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা দরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
নয়া দিল্লিতে অস্টিন বলেন, আমরা অবশ্যই সব মিত্রকে আহ্বান জানাই রাশিয়ার সরঞ্জাম থেকে দূরে থাকার জন্য। আমাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এড়াতে যে কোনও অস্ত্র কেনা এড়িয়ে চলা উচিত।
তিনি জানান, ভারত এখনও কোনও এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করেনি। তাই নিষেধাজ্ঞার সম্ভাব্যতা বৈঠকে আলোচিত হয়নি।
গত বছর রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে এই ব্যবস্থা কেনার জন্য ৮০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ভারত। এই বছর অস্ত্রটির প্রথম চালান পাওয়ার কথা রয়েছে।
তিনদিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সে বৈঠকেও দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্য বিস্তারের চেষ্টা রুখতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন মোদি। শনিবার দ্বিতীয় দফায় অস্টিনের সঙ্গে বৈঠক হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশই সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার কথা বলেছে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলির উপরেও জোর দেওয়া হয়েছে।
বৈঠকের পরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, দুই দেশই সামরিক কার্যকলাপ আরও বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের যে প্রক্রিয়া শুরু হয়েছিল দুই দশক আগে, সেই ক্ষেত্রকে আরও প্রসারিত করার চেষ্টা করা হবে।
রাজনাথ বলেন, চীন যেভাবে ভারতবিরোধী বলয় তৈরি করতে সক্রিয় হয়েছে, তাতে ভারতেরও পাল্টা সামরিক জোট প্রয়োজন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে বেইজিং। গালওয়ান সংঘর্ষের পরে চীন সামরিকভাবে ভারতকে ঘিরে ফেলার যে চেষ্টা করছে, তাতে শক্তিশালী সামরিক জোট ভারতেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সেই সমঝোতা অনেক দিন ধরেই দানা বাঁধছিল। এবার সেই সমঝোতার ক্ষেত্রকে আরও মজবুত করার চেষ্টা করা হবে।