জাপানে পূজিত হচ্ছেন ভারতের বিস্মৃত দেবতা!

Hindu Godsবৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ জাপান। তবে দেশটিতে নিয়মিতভাবে অন্তত ২০ হিন্দু দেবদেবীর পূজা করা হয়। শুধু এক দেবী সরস্বতীর জন্যই রয়েছে শতাধিক মন্দির। এছাড়া লহ্মী, ইন্দ্র, ব্রাহ্ম, গণেশসহ অন্য দেবদেবীদের নামে আছে অজস্র মন্দির।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে পূজিত দেব-দেবীদের মধ্যে অনেকেই আজ ভারতের হিন্দুদের কাছে বিস্মৃতপ্রায়। অথচ জাপানে ঠিকই তাদের পূজা করছেন ভক্তরা।
দ্য জাপান ফাউন্ডেশন এবং শিল্প সংক্রান্ত ইতিহাসবিদ বিনয় কে বেহেল এর সমন্বিত উদ্যোগে সোমবার ইন্ডিয়ান মিউজিয়ামে শুরু হয় বিরল কিছু স্থিরচিত্রের প্রদর্শনী। সেই প্রদর্শনী থেকে জানা যায় এসব তথ্য। প্রদর্শনীতে দেখানো হয়, বহু পুরনো ঐতিহ্য কিভাবে ভিনদেশের মাটিতে টিকে আছে। এ প্রদর্শনী চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।
ইন্ডিয়ান মিউজিয়ামের শিক্ষা কর্মকর্তা সায়ান ভট্টাচার্য বলেন, এই প্রদর্শনী চক্ষু ও হৃদয়ের জন্য এক বিরল আয়োজন।
এ আয়োজনের মধ্য দিয়ে মূলত জাপানের মাটিতে ভারতীয় ঐতিহ্যের গুরুত্বের দিকটিই প্রকাশ পেল বলে মনে করছেন আয়োজকরা।

উদাহরণস্বরূপ, জাপানে ৬ষ্ঠ শতকের সিধামের স্ক্রিপ্টও সংরক্ষিত রয়েছে। যদিও ভারত থেকে এটি বহু আগেই উধাও হয়ে গেছে।

এমনকি জাপানের কিছু সমাধিতেও হিন্দু ধর্মে পবিত্র বিবেচিত সংস্কৃত বর্ণমালার লেখা দেখা যায়। যদিও জাপানের অধিকাংশ মানুষই সংস্কৃত ভাষা পড়তে পারেন না; তবুও এ ভাষার মাহাত্ম্য বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে সংস্কৃত বর্ণমালা ব্যবহার করা হয়।

ইতিহাসবিদ বিনয় কে বেহেল-এর ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে জাপানের কোয়াসান এলাকায় এখনও একটি স্কুলে সংস্কৃত ভাষা শেখানো হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/বিএ/