তালেবানের সঙ্গে ‘শত্রুতামূলক আচরণ’ করবে না যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে কোনও ‘শত্রুতামূলক আচরণ’ করবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সংস্থাটির মুখপাত্র জন কিরবি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক কাবুল থেকে লোকজনকে সরিয়ে নিয়ে আসার প্রচেষ্টায় তালেবান কোনও হস্তক্ষেপ করেনি।

ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, কাবুল বিমানবন্দর নামে পরিচিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এটি এখন উন্মুক্ত। যুক্তরাষ্ট্রও এটিকে উন্মুক্ত দেখতে চায়।

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে তালেবান। রবিবার কাবুল দখলের দুই দিনের মাথায় ১৭ আগস্ট মঙ্গলবার দলটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলন ডেকেছে তালেবান। এতে দলটির নেতারা আফগান জনগণের উদ্দেশে প্রকাশ্যে কথা বলবেন বলে প্রতীয়মান হচ্ছে। এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। দৃশ্যত এই ঘোষণার মধ্য দিয়ে আফগান নাগরিকদের আশ্বস্ত করতে চেয়েছে দলটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার কাবুলে বড় ধরনের কোনও নিপীড়ন বা লড়াইয়ের খবর পাওয়া যায়নি। রাস্তায় টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা। তবে বহু আতঙ্কিত বাসিন্দা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।