জাতীয় পতাকা নিয়ে আফগানিস্তানের জালালাবাদ শহরে সংঘর্ষ তীব্রতর হচ্ছে। তালেবান ক্ষমতা দখলের পরই দেশটির জাতীয় পতাকা নামিয়ে ফেলায়, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে স্থানীয়রা।
বুধবার পাকিস্তান সীমান্তবর্তী আফগানের নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান জাতীয় পতাকা নামাতে গিয়ে জনরোষের মুখে পড়ে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি রব ম্যাকব্রাইড কাবুল থেকে জানান, ‘আমরা জালালাবাদ শহর থেকে গুরুতর গণ্ডগোলের খবর পাচ্ছি। কাবুলের পূর্ব দিকে অবস্থিত প্রদেশটি বাণ্যিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তালেবান সদস্যরা আফগানিস্তানের জাতীয় পতাকাকে অসম্মান করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা’।
তিনি আরও বলেন, ‘তালেবান ক্ষমতা দখলের পর কাবুলের পতাকা নামিয়ে গোষ্ঠীটি নিজেদের পতাকা উড়িয়েছে। এতে সাধারণ মানুষ খুব খুশি নয়’।
‘কাবুল থেকে পতাকা নামাতে পারলেও জালালাবাদের মানুষ এটা মেনে নিচ্ছে না। সেখানে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায় নামে প্রতিবাদ জানাচ্ছেন’ এমনটাই জানান রব ম্যাকব্রাইড।
তালেবানের পতাকা নামাতে গিয়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তালেবানদের সঙ্গে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের হতাহত হন বেশ কজন। হতাহাতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।