পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে আফগানিস্তান সীমান্তের কাছে তিন আফগান নাগরিক নিহত হয়েছে। তালেবান সূত্রের বরাতে শুক্রবার রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানায়, একদল আফগান অবৈধভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোখাম চেকপয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়।
সূত্রমতে, চেকপয়েন্টের কাছে একটি পথ দিয়ে ১০ আফগান সীমান্ত অতিক্রম করার পর পাকিস্তানি সেনারা গুলি ছোড়ে।
নিহতদের মরদেহ এখনও চেকপয়েন্টের কাছে পড়ে আছে বলে জানিয়েছে সূত্র।
এর আগে জাতিসংঘ ও ন্যাটো কাবুল থেকে বিদেশি নাগরিকদের প্রত্যাহারে পাকিস্তানকে সহযোগিতার আহ্বান জানায়।
তালেবান কাবুল দখল করার পর আফগান নাগরিকরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। সীমান্তে বিভিন্ন চেকপয়েন্টের নিয়ন্ত্রণ তালেবানের হাতে থাকায় বেশিরভাগ জড়ো হচ্ছেন কাবুল বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নাগরিক ও কর্মীদের ৩১ আগস্টের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে তালেবান।