সুপার পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিনি পাওয়ার হবে: আমরুল্লাহ সালেহ

আফগানিস্তান ছেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন দেশটির স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের কাবুল ত্যাগের পর এক টুইট বার্তায় সালেহ লিখেছেন, সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র মিনি পাওয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

টুইট বার্তার সঙ্গে সিবিএস সিক্সটি মিনিটসকে দেওয়া নিজের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করেছেন আমরুল্লাহ সালেহ। ওই সাক্ষাৎকারে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন তিনি।

সেখানে আমরুল্লাহ সালেহকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র ছেড়ে গেলেও আফগানিস্তান লড়াই থামাবে না। তাকে আরও বলতে শোনা যায় একটি সুপার পাওয়ারের নৈতিক বাধ্যবাধকতা থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র চলে যেতে চাইলে সেটা তাদের পছন্দ।

মঙ্গলবার টুইট বার্তায় আমরুল্লাহ সালেহ লেখেন, ‘সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ব্যাগে ভরে নিয়ে যায়নি। নদী বইছে আর পর্বতগুলোও রাজকীয়। তালেবান জনপ্রিয়তাহীন প্রক্সি বাহিনী আর মানুষ তাদের ঘৃণা করে আর সেকারণেই পুরো দেশ তাদের থেকে পালাতে চাইছে। এক সুপার পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিনি পাওয়ার হবে, সেটা ঠিকই আছে।’

গত ১৫ আগস্ট তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল ছেড়ে যান আমরুল্লাহ সালেহ। বর্তমানে পাঞ্জশির উপত্যকায় অবস্থান নিয়েছেন তিনি। তালেবানবিরোধী নেতা আহমেদ মাসুদের সঙ্গে মিলে তালেবানের সঙ্গে দরকষাকষির চেষ্টায় রয়েছেন তারা।