আফগান প্রস্থান ‘যুক্তরাষ্ট্রের জন্য সেরা সিদ্ধান্ত’

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে ৩০ আগস্ট দিবাগত রাতে আফগানিস্তান ছেড়ে গেছে যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমান। এখন পুরো দেশ তালেবানের নিয়ন্ত্রণে। মার্কিন বাহিনীর আফগান ভূখণ্ড প্রস্থান ও দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ‘যুক্তরাষ্ট্রের জন্য সেরা সিদ্ধান্ত’।

মার্কিন বাহিনী সরানো নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে নানা সমালোচনা হজম করতে হচ্ছে ঘরে-বাইরে। এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে ব্যাখা দেন তিনি। 

বলেন 'এই যুদ্ধ চিরকাল চালিয়ে যাওয়ার পক্ষে আমি নই। আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চাইনি। এজন্য মার্কিন বাহিনী সরিয়ে নিয়েছে। আর এটি আমেরিকার জন্য সেরা সিদ্ধান্ত’।

এর আগে, মার্কিন বাহিনীর প্রস্থানকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যায়িত করে তালেবান। দলটি বলছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের অবসান ঘটেছে। আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।

৩১ আগস্টের মধ্যেই আফগান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের শেষ সময় থাকায় এখনও প্রায় দুইশ’ মার্কিন নাগরিক দেশটিতে রয়ে গেছেন। তারা যুক্তরাষ্ট্রে ফিরতে চাইলে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন বাইডেন।

গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরের উদ্ধার কার্যক্রমকে ‘অসাধারণ সাফল্য’ অ্যাখা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ১ লাখ ২০ হাজার লোককে সরাতে সক্ষম হয়েছে। কোনো জাতিই ইতিহাসে এমন কিছু করে দেখাতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্রেরই এটি করার সক্ষমতা আছে।’