শিগগিরই আফগানিস্তানে গণতান্ত্রিক কাঠামো ঘোষণা করবে এনআরএফ

তালেবানের কেবল পুরুষদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করেছে আফগানিস্তানের ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছে, শিগগিরই একটি বৈধ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কাঠামো ঘোষণা করবে। বুধবার এনআরএফ একথা জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক খবরে উল্লেখ করা হয়েছে।

এনআরএফ বলেছে, আফগানিস্তান, অত্র অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাবুলের অবৈধ শাসকরা একটি হুমকি। এনআরএফ মনে করে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, আইনি ও বৈধ সরকার কেবল সাধারণ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্য।

তারা আরও বলেছে, দখলকারীদের শাসন চাপিয়ে দেওয়া মানবিক সম্মান ও আন্তর্জাতিক আইন পরিপন্থী।

ফ্রন্টটির পক্ষ থেকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, সাংহাই রিজিওনাল কোঅপারেশন অর্গানাইজেশন, সার্কসহ আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার জন্য।

উল্লেখ্য, কাবুল দখল করার প্রায় তিন সপ্তাহ পাঞ্জশির উপত্যকা তালেবানের নিয়ন্ত্রণমুক্ত ছিল। গত কয়েকদিন তীব্র লড়াইয়ের পর তালেবান দাবি করে আসছে, পাঞ্জশির উপত্যকায় তারা এনআরএফকে পরাজিত করেছে। কিন্তু বিরোধী জোটটির নেতাদের দাবি, তারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।