আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়ে রহস্য যেন কাটছেই না। কিছু দিন আগেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেন দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ। তবে শনিবার কান্দাহারের দক্ষিণাঞ্চলে এক সমাবেশে তিনি অংশ নেন বলে রয়টার্সকে জানান তালেবানের এক জ্যেষ্ঠ নেতা। ওই সমাবেশে তিনি আখুন্দজাদার সঙ্গে ছিলেন বলেও দাবি করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে প্রায় ১০ মিনিট সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি।
যদিও চলতি মাসেই দলের প্রবীণ নেতা আমিরুল মুমিনিন শেখ সিএনএন নিউজ এইটিন-কে এক সাক্ষাৎকারে বলেন, ‘২০২০ সালে পাকিস্তানি বাহিনীর পরিকল্পনায় সংঘটিত এক আত্মঘাতী হামলায় শহীদ হন হাইবাতুল্লাহ আখুন্দজাদা।’
যদিও তার বেঁচে থাকা কিংবা মারা যাওয়া নিয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে রয়েছেন। তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের ২৫ মে থেকে তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা।
সূত্র: এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমস, রয়টার্স