ফিলিপাইনের রাজনীতিতে গত কয়েক দিন ধরে চরম নাটকীয়তা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। সম্প্রতি তার মেয়ে সারা ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু এবার নতুন চমক। ২০২২ সালের নির্বাচনে মেয়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দুয়ার্তে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, দুয়ার্তের মেয়ে সারার ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার এক নারী মুখপাত্র। এরপরই দুই দশক ফিলিপাইন শাসন করা স্বৈরশাসকের ছেলে মার্কোস জুনিয়রের দল তাকে সমর্থন জানায়। এতে করে দুয়ার্তের মেয়ে মার্কোস জুনিয়রের রানিংমেটে পরিণত হন।
রবিবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ সচিব মার্টিন আন্দানার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মেয়ের বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুয়ার্তে এবং সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
সারা দুয়ার্তে এখনও প্রকাশ্যে মার্কোস জুনিয়রের দলের সমর্থন গ্রহণ করেননি।
ফিলিপাইনের রাজনীতিতে দুয়ার্তে ও মার্কোস পরিবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবার। মেয়ের বিরুদ্ধে দুয়ার্তের প্রার্থী হওয়ার ইঙ্গিতে তাদের সমর্থক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
ফিলিপাইনে প্রেসিডেন্ট হওয়া যায় মাত্র এক মেয়াদের জন্য। তবে ভাইস প্রেসিডেন্ট হওয়া যায় দুবার। ভোটাররা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের জন্য পৃথক ব্যালট ব্যবহার করে ভোট দিতে পারেন। এতে উভয় পদে ভিন্ন দলের নেতা জয়ী হওয়ার সম্ভাবনা থাকে।