কিছু কর্মীকে স্বেচ্ছায় কাজাখস্তান ছাড়ার অনুমতি যুক্তরাষ্ট্রের

কাজাখস্তানের আলমাতি শহরের মার্কিন কনস্যুলেট জেনারেলের কিছু কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থানের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শহরটিতে চলমান জরুরি পরিস্থিতিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে কাজাখস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, চলমান সহিংস বিক্ষোভ কনস্যুলার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। কাজাখস্তান ছাড়ার বিষয়ে সহায়তা দেওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

মার্কিন কনস্যুলেট

জ্বালানি মূল্যে বৃদ্ধির প্রতিবাদে গত রবিবার থেকে উত্তেজনা বিরাজ করছে কাজাখস্তানের আলমাতি শহরে। সহিংসতায় পুলিশের ১৮ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীদের হামলায় ধ্বংস্তূপে পরিণত শহরটির মেয়রের কার্যালয়সহ অনেক সরকারি প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবিলায় কাজাখস্থানের প্রেসিডেন্টের অনুরোধে রুশ সেনা এসেছে পৌঁছেছে দেশটিতে।

তবে বিক্ষোভ দমাতে কাজাখস্থনের নিজেদের সক্ষমতা থাকার পরও দেশটিতে  রুশ সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।