আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্ধেক তহবিল ফিরিয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির চরম মানবিক পরিস্থিতি বিবেচনায় এ পরিকল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের হিমায়িত সাত বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শুক্রবার অর্ধেক ছাড় দেওয়ার কথা রয়েছে।
তহবিলের বাকি অর্থ যুক্তরাষ্ট্রে থাকবে। গত বছর ১৫ আগস্ট আফগানিস্তান তালেবান গোষ্ঠীর দখলে চলে যায়। এরপর দেশটির রিজার্ভ হিমায়িত করে যুক্তরাষ্ট্র। ফলে তারল্য সংকটে পড়েছে দেশটির মানুষ। দেখা দিয়েছে মানবিক সংকট। এ নিয়ে সতর্ক করে আসছে মানবাধিকার সংস্থাগুলোসহ জাতিসংঘ।
ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের তহবিল ছাড় দিতে বাইডেন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল কংগ্রেস। দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলায় এই তহবিল ব্যবহারের আহ্বান জানানো হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার একটি নির্বাহী আদেশ স্বাক্ষরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে এই বিপুল অর্থ সরাসরি তালেবানকে দেওয়া হবে না বলে জানা গেছে।
সূত্র: রয়টার্স