উ. কোরিয়া যেকোনও মুহূর্তে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা হুঁশিয়ার করে বলেছেন উত্তর কোরিয়া যেকোনও মুহূর্তে সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সাং কিম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রবিবার উত্তর কোরিয়া রেকর্ড অষ্টম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সাংবাদিকদের বলেন, এ ধরনের কোনও পারমাণবিক পরীক্ষার ‘দ্রুত এবং শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখানো হবে।

বিগত পাঁচ বছরে কোনও পারমাণবিক পরীক্ষা চালায়নি উত্তর কোরিয়া।

তবে কোরীয় উপত্যকায় উত্তজনা বেড়েছে। জাকার্তায় মার্কিন দূত সাং কিম জানান, উত্তর কোরিয়া এই বছর নজির বিহীন পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ২০১৯ সালে রেকর্ড ভাঙা ২৫টি পরীক্ষা চালালেও দেশটি এই বছর ৩১টি পরীক্ষা চালিয়েছে বলে জানান তিনি। ইন্দোনেশিয়ার জাকার্তায় তিনি বলেন, ‘আর এটা কেবল জুন মাস’।

সাং কিম বলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তারা যেসব বক্তব্য ব্যবহার করছেন তাতে কৌশলগত কিংবা ছোট আকারের পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইচ্ছার ইঙ্গিত মিলেছে। পরবর্তী ধাপের পরীক্ষা কোন সময়ে হতে পারে জানতে চাইলে সাং কিম বলেন, এটা যেকোনও মুহূর্তে হতে পারে।

সিউলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সাংবাদিকদের বলেন, এই ধরনের যেকোনও পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পূর্ণ লঙ্ঘন হবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি শুধু আরওকে (দক্ষিণ কোরিয়া), যুক্তরাষ্ট্র এবং জাপান নয়, সমগ্র বিশ্ব একটি শক্তিশালী এবং স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানাবে।’

তবে যুক্তরাষ্ট্রের বক্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি