পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসে। চরম অর্থনৈতিক সংকটে থাকা লঙ্কান সরকার থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুন) বাসিল রাজাপাকসে সাংবাদিককের বলেন, 'আজ থেকেই সরকারের কোনও কার্যকলাপে আর থাকছি না। তবে রাজনীতি থেকে সরে যাচ্ছি না আমি'।
শ্রীলঙ্কাজুড়ে চরম বিক্ষোভের মুখে গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট রাজাপাকসের বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসে। যদিও তিনি এখনও পার্লামেন্টের সদস্য হিসেবে বহাল আছেন।
এর আগে মন্ত্রীসভার সব সদস্য পদত্যাগ করেন। তবে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির সাধারণ মানুষ এখনও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দ্বীপ রাষ্ট্রটির সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে। জ্বালানি ঘাটতি, খাদ্যের মূল্যবৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত। অনেক লঙ্কান বাধ্য হচ্ছেন না খেয়ে থাকতে। সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে।