নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে উ. কোরিয়া

গুরুত্বপূর্ণ পারমাণবিক আলোচক চোয়েন সোন হুইকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্ষমতাসীন দলের এক বৈঠকের পর এই নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বৈঠকে কিম উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার রক্ষার জন্য দেশের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা গবেষণা বাড়ানোর লক্ষ্য উপস্থাপন করেছেন। তবে এর বিস্তারিত জানায়নি। তিনি বলেন, ‘আত্মরক্ষার অধিকার হল সার্বভৌমত্ব রক্ষার একটি ইস্যু।’

কেসিএনএ জানিয়েছে গত বুধবার শুরু হয় ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির প্লানারি বৈঠক। শুক্রবার এই বৈঠক শেষ হয়।

যুক্তরাষ্ট্র যখন সতর্ক করে দিয়ে বলেছে উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের খবর সামনে এসেছে। ওয়াশিংটন বলেছে, এই পরীক্ষা যদি চালানো হয় তাহলে তারা জাতিসংঘের মাধ্যমে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে।

গত বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার অব্যাহত সম্ভাবনাকে ‘খুব নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শনিবার সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স