প্রেসিডেন্ট গোটাবায়ার পরের গন্তব্য কোথায়

নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পালানো লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে আশ্রয় নিতে পারেন। শ্রীলঙ্কান সরকারের এক সূত্র এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

শ্রীলঙ্কার কোনও প্রেসিডেন্টকে আগে কখনও এতটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে মনে হয় না। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বুধবার ভোরে মালদ্বীপে পালিয়ে যান গোটাবায়া। কিন্তু সেখানে থাকা লঙ্কান নাগরিকদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। এ অবস্থায় শিগগিরই সিঙ্গাপুরে আশ্রয় নিতে পারেন।

পরিচয় প্রকাশে না করে সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে অবতরণের পর লঙ্কান স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন গোটাবায়া। এ বিষয়ে রয়টার্স রাজাপাকসে এবং সিঙ্গাপরে সরকারের এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তাৎক্ষণিক মন্তব্য করেননি কেউ।

এদিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। শ্রীলঙ্কার সংবিধানের ৪০ (সি) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রেসিডেন্টের পদ শূন্য হলে এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দফতরের কাজ সামলাবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, দেশটিতে চলতে থাকা অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসের পরিবারকে দায়ী করছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরেই এসব মানুষ দীর্ঘ লোডশেডিং, জ্বালানি, খাবার ও ওষুধের সংকটে ভুগছে।