শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন দেশটির বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা। মঙ্গলবার (১৯ জুলাই) টুইটারে দেওয়া পোস্টে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একদিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির প্রভাবশালী এই রাজনীতিক।
টুইটে সাজিথ প্রেমাদাসা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আমি প্রেসিডেন্ট পদ থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।
রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট পদে আরেক বিরোধী নেতা দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন দিয়েছেন প্রেমাদাসা। মূলত এজন্যই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি।
সাজিথ প্রেমাদাসা বলেন, তার দল এসজেবি শ্রীলঙ্কা এবং বিরোধী জোট প্রেসিডেন্ট হিসেবে দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।