বিদেশি নৌবাহিনীর পরিদর্শন নিষিদ্ধ করলো সলোমন দ্বীপপুঞ্জ

সব বিদেশি নৌবাহিনীর পরিদর্শন সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সলোমন দ্বীপপুঞ্জ। এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনীকে প্রবেশের অনুমতি দিতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। হোনিয়ারা জানিয়েছে, এই জাহাজগুলো সময়মতো প্রবেশের অনুমতি চায়নি। আর এই কারণেই তারা তাদের প্রবেশ অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে।

তবে এই পদক্ষেপ নিয়মিত এক সুযোগ বাতিল হওয়াকে চিহ্নিত করছে এবং সলোমন দ্বীপপুঞ্জে চীনের প্রভাব বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি করেছে। গত এপ্রিলে বেইজিংয়ের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করে হোনিয়ারা। এই চুক্তির পর মার্কিন মিত্র দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অন্য দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করে।

মঙ্গলবার সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ভুয়াথ্যের’ ব্যাখ্যা দেয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড কাটার (ইউএসজিসি) অলিভার হেনরি এবং যুক্তরাজ্যের এইচএমএস স্পে জাহাজকে প্রবেশের অনুমতি দেওয়া যায়নি কারণ নথিপত্রের কাজে বিলম্ব হয়েছে।

মানাসেহ সোগাভারে বলেন, ‘এই অনুমোদনগুলো বিলম্বের ফলে সলোমন দ্বীপপুঞ্জে সামরিক জাহাজ পরিদর্শনের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজনীয়তা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা এবং পরিমার্জিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে’। তিনি বলেন, ‘সরকার সব অংশীদার দেশকে একটি সংশোধিত জাতীয় প্রক্রিয়া না হওয়া পর্যন্ত নৌ পরিদর্শন বা টহল পরিচালনার পরিকল্পনা স্থগিত রাখতে বলছে’। তিনি বলেন এই নির্দেশনা সব পরিদর্শনকারী বিদেশী নৌ জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য।

মার্কিন দূতাবাস জানিয়েছে, গত সোমবার তারা সলোমন দ্বীপপুঞ্জের নীতি হালনাগাদের নোটিশ হাতে পেয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ সরকারের কাছ থেকে সব নৌ পরিদর্শনে স্থগিতাদেশ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পেয়েছে, প্রোটোকল পদ্ধতি হালনাগাদ স্থগিত রয়েছে’।

সূত্র: বিবিসি