যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণায় হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, অস্ত্র বিক্রি ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে। চীন-মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে ওয়াশিংটন।
নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।
তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপেকে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’ সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যেকোনও জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এর দাম পড়বে ৩৫ কোটি ৫০ লাখ ডলার।