তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ১৭ তলার আবাসিক অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে সোমবার দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ৫০ ঘন্টারও বেশি সময় ধরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে ছিলেন।
উদ্ধারকৃত দুজনের মধ্যে এক নারীকে তার স্বামীর মৃতদেহের নিচে থেকে উদ্ধার করা হয়। স্থানীয় এমপি ওয়াং টিং ইউ রয়টার্সকে বলেন, উদ্ধারের সময় ওই নারী সজাগ ছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তারা জানান, সাও উই লিং নামের ওই নারীকে যেখানে পাওয়া গেছে তার পাশেই তার দুই বছরের ছেলের মৃতদেহের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকর্মীরা জানান, স্বামীর মৃতদেহই পড়ে যাওয়া একটি খুঁটি থেকে তার প্রাণ বাঁচিয়েছে। এই পরিবারটির পাঁচজন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
ওই নারীকে উদ্ধারের কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তিকেও ক্রেন দিয়ে টেনে জীবিত উদ্ধার করা হয়। লী সং তিয়ান নামের ওই ব্যক্তির বয়স ৪০ বছর। উদ্ধারের সময় তারও জ্ঞান ছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধ্বংসস্তুপের নিচে এখনও শতাধিক বাসিন্দা আটকেপড়া অবস্থায় রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার পর্যন্ত ওই ভবনটি থেকে ৩১০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে নিহত হন অন্তত ৩৮ জন। ওই ঐ ভূমিকম্পে তাইনান শহরের আরও নয়টি বহুতল ভবন হেলে পড়েছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রায় ৯০০ সেনা সদস্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আগে ১৯৯৯ সালে তাইওয়ানে বড় ধরনের ভূমিকম্পে প্রায় ২৪০০ মানুষের মৃত্যু হয়। সূত্র: বিবিসি।
/এমপি/বিএ/