আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সীমান্ত সংঘর্ষের নিহতের সংখ্যা ২১০ জন ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশ দুটি এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া সংঘর্ষে এই হতাহত হয়েছে। দুই বছর আগে সামরিক সংঘাতের পর এটিই সবচেয়ে ভয়াবহ। শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
২০২০ ও ১৯৯০-এর দশকে দুই ককেশাস প্রতিবেশী সংঘাতে জড়িয়েছিল নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃতি হলেও সেখান জনসংখ্যা আর্মেনীয় জাতিগোষ্ঠীর।
মঙ্গলবারে শুরু হয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক মধ্যস্থতায় অবসান হওয়া সংঘাতের জন্য একে অপরকে দায়ী করে আসছে আর্মেনিয়া ও আজারবাইজান।
শুক্রবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের নতুন সংখ্যা জানিয়েছে। আগে নিহতের সংখ্যা ৭১ বলা হলেও এখন তা বেড়ে হয়েছে ৭৭।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, এই মুহূর্তে সংঘাতে নিহত আর্মেনীয়দের সংখ্যা ১৩৫। দুর্ভাগ্যজনক হলেও এটিই চূড়ান্ত নয়। আরও অনেকে আহত রয়েছে।
আর্মেনিয়ার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, আজারবাইজান সেনাবাহিনীর ছোড়া গোলায় এক বেসামরিক নিহত ও ছয় ব্যক্তি আহত হয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, শনিবার তিনি ইয়েরেভান সফর করবেন। বাকু ও ইয়েরেভানকে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পশ্চিমা উদ্যোগের অংশ হিসেবে তিনি এই সফরে যাচ্ছেন।