জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র বলে প্রতীয়মান হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় এলাকার ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে আচড়ে পড়ে। এর আগে এটি প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার এলাকা পাড়ি দেয়। এ ঘটনায় টোকিওর তরফে অবিলম্বে স্থানীয় বাসিন্দাদের কাছে সতর্ক বার্তা পাঠানো হয়। বিশেষ করে হোক্কাইদো দ্বীপের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার কথা বলা হয়।
সরকারি ঘোষণায় বলা হয়, উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সবাই যেন বিভিন্ন ভবন কিংবা আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেয়।
২০১৭ সালের পর জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা এটিই প্রথম।
বিবিসির খবরে বলা হয়েছে, দৃশ্যত ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে ওয়াশিংটন ও টোকিওর দৃষ্টি আকর্ষণের জন্যই এমন কাণ্ড ঘটিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া কোনও পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।