পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী যারা তাণ্ডব চালিয়েছেন তাদের ৭২ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে চান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার তিনি বলেছেন, ‘যা করার এখনই করতে হবে, তা না হলে আর কখনই হবে না’।
অগ্নিসংযোগ ও সহিংস হামলার জন্য পিটিআই প্রধান ইমরান খান এবং তার অনুসারীদের দোষারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভূমির বিরুদ্ধে এই ধরনের স্পর্ধা দেখানো অপরাধীদেরকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা উচিত’।
কর্পস কমান্ডারের অফিসিয়াল বাসভবনে যা জিন্নাহ হাউস নামে পরিচিত, সেখানে অগ্নিসংযোগের তদন্তের জন্য ইতোমধ্যে একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করেছে পাঞ্জাব সরকার।
ইমরান খানকে গ্রেফতারের পর বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়ে যাওয়ার চার দিন পর শনিবার পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী শাহবাজ পাঞ্জাব সেফ সিটিস অথরিটি এবং কর্পস কমান্ডারের বাড়িতে যান।
পরে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অগ্নিসংযোগ, লুটপাট, নাশকতা এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধনের ঘটনায় সহায়তাকারী, প্ররোচনা এবং অপরাধে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে’।
শাহবাজ শরিফ বলেন, ‘অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভাংচুরের মামলাগুলোর বিচার সন্ত্রাসবিরোধী আদালতে হবে। আইনমন্ত্রীকে আদালতের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে’।
শাহবাজ অভিযোগ করেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার ‘সশস্ত্র অনুগামীরা’ পাকিস্তানের শত্রুদের মতো আচরণ করেছে।
তিনি বলেন, ‘ইমরান এবং তার সশস্ত্র অনুগামীদের এমন আচরণে পুরো জাতি চরম শোকাহত’।
সূত্র: দ্য ডন