যে কারণে অবতরণের আগেই উড়োজাহাজের দরজা খুললেন যাত্রী

এক ঘণ্টা দেরিতে পৌঁছে অবতরণের আগেই উড়োজাহাজের জরুরি দরজা খুলে ফেলেন এক যাত্রী। দরজা খুলেই ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। বিমানে ‘অস্বস্তিবোধ’ করেছিলেন বলে দাবি করেছেন তিনি। শুক্রবার (২৬ মে) এশিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই কাণ্ড ঘটান তিনি।

বয়সে ত্রিশের ওপরে সেই ব্যক্তি পুলিশকে জানান, ‘দ্রুত বিমান থেকে নামতে‘ জরুরি দরজা খুলেছিলেন তিনি। সম্প্রতি চাকরি হারানোর কারণে মানসিক চাপেও ভুগছিলেন।

উড়োজাহাজটি ভূমি থেকে প্রায় আড়াইশ মিটার ওপরে থাকা অবস্থাতেই জরুরি দরজা খুলে ফেলেন ওই যাত্রী। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের ফ্লাইটে এই কাণ্ড ঘটান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪ যাত্রী নিয়ে অবতরণ করছিল বিমানটি। তখনই এই ঘটনা ঘটান। তার এমন কাণ্ড দেখে কয়েকজন যাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন, কিছু যাত্রীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানায়, অবতরণের আগে জরুরি দরজা খোলা সম্ভব, কেননা তখন কেবিনের ভেতর ও বাইরের বায়ুচাপ সমান থাকে। তদন্ত শেষে তাকে গ্রেফতার করার কথা ভাবছে পুলিশ। সূত্র: রয়টার্স