কৃষকদের খুশি করতে ফসলের দাম বাড়ালো ভারত

গ্রীষ্মকালীন ফসলের সরকার নির্ধারিত মূল্য বাড়িয়েছে ভারত। এসব ফসলের মধ্যে রয়েছে ধান ও তুলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে কয়েক কোটি কৃষকদের খুশি করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এমন উদ্যোগ নিয়েছে।

প্রতি বছর এক ডজনের বেশি ফসলের জন্য মূল্য নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এবারের মূল্য স্বাভাবিকের চেয়ে বেশি বাড়ানোর ফলে সরকারের রাজস্ব ও মূল্যস্ফীতি বাড়াতে পারে।

মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী পিযুশ গোয়াল সাংবাদিকদের বলেছেন, নতুন মওসুমে প্রতি ১০০ কেজি সাধারণ ধান কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৮৩ রুপিতে ক্রয় করা হবে। যা গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।

গত বছর সেপ্টেম্বরে চাল রফতানি নিষিদ্ধ করার পর সরকার ধানের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছে। এছাড়া বিভিন্ন দেশীয় ফসল রফতানির ক্ষেত্রে ২০ শতাংশ কর আরোপ করেছে। স্বাভাবিকের তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তুলার মূল্য বেড়েছে প্রায় ৯ শতাংশ। নতুন মূল্য অনুসারে প্রতি ১০০ কেজির মূল্য ৬ হাজার ৬২০ রুপি। এই বৃদ্ধি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।