অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতি কমছে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি)। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, বিপর্যয় এখনও অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে। মধ্যরাতের দিকে এর প্রভাবে ভারী বর্ষণ হতে পারে। গতি কমলেও এর মূলকেন্দ্র অটুট রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান টুইটারে বলেছেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন তথ্য দেওয়া মাত্র তা জানানো হবে।
৬টার বুলেটিনে পিএমডি বলেছে, আগামী দুই থেকে ছয় ঘণ্টার মধ্যে পাকিস্তানের কেটি বন্দর ও ভারতের গুজরাট অতিক্রম করবে ঘূর্ণিঝড় বিপর্যয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, গত তিন ঘণ্টায় ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বদিকে এগিয়েছে। করাচি থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণে, থাট্টা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে এবং কেটি বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বিপর্যয়।
ঘূর্ণিঝড়টির গতি ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার। ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ২৫ ফুট। ১৫-১৭ জুন সিন্ধুর থাট্টা, সুজাওয়াল, বাদিন, থারপারকার, মিরপুরখাস ও উমেরকোট জেলায় ঝোড়োবৃষ্টি হতে পারে।
আশঙ্কাজনক অঞ্চলগুলোতে সতর্কবার্তা হিসেবে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতার জন্য গুজরাট থেকে প্রায় এক লাখ ও পাকিস্তানের আশঙ্কাজনক অঞ্চল থেকে প্রায় ৭২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত তারা।