বেইজিং-এ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার (১৯ জুন) বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্পর্কোন্নয়নে চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ।’ খবর বিবিসি’র।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি-ব্লিঙ্কেনের বৈঠকটি অনিশ্চিত ছিল। কিন্তু ধোঁয়াশা কাটিয়ে সোমবার বেইজিংয়ের গ্রেট হলে দু’জনের দেখা হয়।
চীনা কূটনীতিক ওয়াং ই এবং স্টেট কাউন্সিলর কিন গ্যাং-এর সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনাকে স্পষ্ট এবং গভীর বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট শি। তবে এ নিয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাননি তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শি ও ব্লিঙ্কেনের প্রকাশিত বৈঠকের দুই মিনিটের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ব্লিঙ্কেন সফরের সময় এখন পর্যন্ত ঘোষিত চুক্তিগুলো হলো– চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা, দুই দেশের মধ্যে আরও ফ্লাইট এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা।
বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন ও কিন গ্যাং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন। করোনা মহামারীর পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল খুবই সীমিত পর্যায়ে রয়েছে।
ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক বাড়াতে আরও পদক্ষেপ নিতে ব্লিঙ্কেনকে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি আশা করেন, চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল করতে ‘আরও ইতিবাচক ভূমিকা’ রাখবেন ব্লিঙ্কেন।
সূত্র: বিবিসি