জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলনের কয়েক দিন আগে স্বাগতিক দেশ ইন্দোনেশিয়াকে চীন জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা প্রতিনিধি পরিবর্তন করছে। এরপর জাকার্তাকে সম্মেলনের উপস্থিতিদের জন্য উপহার ঐতিহ্যবাহী একটি শার্টের সাইজ পরিবর্তন করতে হয়েছে।
পরিকল্পনা অনুসারে, বর্ণিল শার্টটি তৈরি করা হয়েছিল চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের জন্য। প্রায় এক মাস ধরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আরেকটি গুরুত্বপূর্ণ সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন না।
চীনা সরকার কিন গ্যাংয়ের অনুপস্থিতির জন্য অজ্ঞাত স্বাস্থ্যজনিত কারণের কথা তুলে ধরছে। সরকারি কার্যবিবরণী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার অনুপস্থিতি জল্পনা ছড়াচ্ছে।
কিন গ্যাংয়ের বিষয়ে তথ্যের শূন্যতা কিছু কূটনীতিক ও পর্যবেক্ষকদের মধ্যে সন্দেহ গভীর করছে। এমন সময় সন্দেহ বাড়ছে যখন কোভিড পরবর্তী সময়ে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে চীন।
ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের চীনা কর্মসূচির পরিচালক ইয়ুন সুন বলেছেন, বেইজিংয়ের সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, স্থিতিশীলতা ও গ্রহণযোগ্যতায় কিনের অদৃশ্য থাকা অনেক অনিশ্চয়তা ও সংশয় ছড়াচ্ছে। কোনও যৌক্তিক ব্যাখ্যা ছাড়া তার মতো গুরুত্বপূর্ণ নেতা যদি অদৃশ্য হয়ে যান, মানুষের কাছে বিশ্বাস করা কঠিন এবং যেকোনও চীনা নেতাকে ঘিরে এমন পরিস্থিতি দেখা দিতে পারে।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে কিন গ্যাংয়ের অবস্থা এবং কবে তিনি দায়িত্বে ফিরবেন জানতে চাইলে মুখপাত্র মাও নিং বলেছেন, এই প্রশ্নের জবাবে কোনও তথ্য তার কাছে নেই।
বুধবার চীন জানিয়েছে, জাকার্তার সম্মেলনে কিনের বদলে অংশগ্রহণ করবেন ওয়াং ই। ২৪-২৫ জুলাই জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনেও তিনি অংশগ্রহণ করবেন।
জাকার্তা ও জোহানেসবার্গে কিনের অনুপস্থিতির কারণে তাকে নিয়ে সম্ভাব্য আরও যেসব সূচি রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন জাগছে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।
সূত্র জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের সূচি নির্দিষ্ট করতে পারছে না যুক্তরাজ্যে। চলতি মাসে এই সফর আয়োজনের কথা রয়েছে। এটিকে টানাপড়েন থাকা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক সিনিয়র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তা বলেছেন, ইইউ-এর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেলের বেইজিং সফর শেষ সময়ে বাতিল করা হয়েছে। খুব শিগগির এই সফর অনুষ্ঠিত হচ্ছে না। তবে কিন গ্যাংয়ের সঙ্গে বোরেলের বৈঠকের সূচি ছিল কি না তা স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞানী ওয়েন-টি সুং বলেছেন, দীর্ঘ মেয়াদি অনুপস্থিতি অপর দেশগুলোকে দ্বিধায় ফেলে দিতে পারে। বিশেষ করে যেসব দেশ চীনের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। নিয়মিত সংলাপ ও আস্থা নির্মাণের জন্য অনুমানযোগ্যতা ও স্বচ্ছতা অপরিহার্য। যা টেকসই সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ উপাদান।