পাকিস্তানের চীনা নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত সামরিক বহরে হামলা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোয়াদার বন্দরের একটি সামরিক বহরে হামলা চালিয়েছে জঙ্গিরা। বহরটি চীনা নাগরিকদের একটি প্রতিনিধি দলকে নিরাপত্তা দিয়ে একটি নির্মাণাধীন প্রকল্পে নিয়ে যাচ্ছিল। রবিবার এই হামলায় হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এবং করাচির চীনা কনস্যুলেট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে প্রচুর বিনিয়োগ করছে চীন। প্রদেশটিতে এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের পর গোয়াদরে গভীর সমুন্দ্র বন্দর উন্নয়নসহ একাধিক প্রকল্পে জড়িত হয়েছে বেইজিং।

সেনাবাহিনীর জনসংযোগ শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় ছোট অস্ত্র এবং হাতবোমা ব্যবহার করেছে সন্ত্রাসীরা। দুই জঙ্গি নিহত হয়েছে এবং কোনও সামরিক কর্মী বা বেসামরিক লোকের ক্ষয়ক্ষতি হয়নি।

দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে চীনের কনস্যুলেট এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, চীনা নাগরিকদের কেউ হতাহত হয়নি।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দুই হামলাকারী বন্দুকযুদ্ধে মারা গেছে। তারা বহরে  কোনও আঘাত করতে পারেনি। গোয়াদর বিমানবন্দর থেকে বন্দর এলাকার একটি নির্মাণাধীন প্রকল্পের দিকে যাত্রা করা চীনা যাত্রীদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, এতে অনেকে হতাহত হয়েছে।

তবে অন্য কোনও সূত্র থেকে হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স।