ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে কাজ করতে আগ্রহী রাশিয়া

ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংকট সমাধানে কাজ করার আগ্রহ  প্রকাশ  করেছে রাশিয়া। মঙ্গলবার (অক্টোবর) দেশটি বলেছে, সংঘাতে লিপ্ত দুই পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত অবসানে এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট উদ্যোগ নেয়নি ক্রেমলিন। তবে মস্কো উভয় পক্ষের সঙ্গে নিজের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে মস্কোর সম্পর্ক ঐতিহাসিক। ইসরায়েলের সঙ্গেও অনেক কিছুতে রাশিয়ার মিল রয়েছে। কারণ অনেক ইসরায়েলি রুশ নাগরিক ছিলেন।

তিনি বলেন, এই বিরোধের মধ্যেও আমরা তাদের উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। সব সময় তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের সব সমস্যা সমাধানে অংশ নিয়েছি। দুর্ভাগ্যবশত কয়েকটি ক্ষেত্রে অংশ গ্রহণ করতে পারিনি। তবে সেই জায়গাগুলো মীমাংসার করার সাধারণ ভিত্তি খুঁজছি। সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিচ্ছে এগুলো খুব কার্যকর ছিল না।

শনিবার হামাসের পরিচালিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান হামলা চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মস্কো। তারা বলছে, এই সহিংসতা মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাত সৃষ্টি করতে পারে।

পেসকভ জানিয়েছেন, হামাসের হাতে রুশ নাগরিকদের কেউ বন্দি রয়েছেন কিনা তা সম্পর্কে তথ্য সংগ্রহ  করছে রাশিয়া।