মিয়ানমার জান্তার ভারত সীমান্তবর্তী ফাঁড়ি দখল করলো বিদ্রোহীরা

মিয়ানমারের সাগাইং অঞ্চলে ভারত সীমান্তের কাছে জান্তার একটি গুরুত্বপূর্ণ ফাঁড়ি দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) ও পিপলস’ ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। রবিবার (১০ ডিসেম্বর) তামু টাউনশিপ এলাকায় ফাঁড়িটি দখল করা হয় বলে দাবি করেছে কেএনএ। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (কেএনও)-এর সামরিক শাখা কেএনএ দাবি করেছে, প্রতিরোধ বাহিনী তামু টাউনশিপের উত্তরে অং জেয়া গ্রামের ফাঁড়িটি রবিবার সকালে দখল করা হয়।

কেএনও জানিয়েছে, লড়াইয়ে তাদের দুজন ও পিডিএফ-এর একজন যোদ্ধা নিহত হয়েছে। ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তামুর এক পিডিএফ যোদ্ধা বলেছেন, লড়াইয়ে জান্তার অনেক সেনা নিহত হয়েছে। আমরা বিস্তারিত জানতে পারিনি। অং জেয়া ফাঁড়িটি তামুতে জান্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে সেনা ও মিত্র মিলিশিয়াদের অবস্থান ছিল।

কেএনও বিবৃতিতে বলেছে, শান ন্যাশনাল আর্মি, মেইতেই সম্প্রদায়ের ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও পিইউ সাও হতে মিলিশিয়াদের অবস্থান ছিল ফাঁড়িতে। 

রবিবার অং জেয়াতে লড়াইয়ের সময়  ওই এলাকায় ও আশেপাশের তিনটি গ্রামে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সোমবারও বিমান হামলা অব্যাহত ছিল।

এর আগে ৭ নভেম্বর কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিসহ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে সাগাইং অঞ্চলের খাম্পাত শহর দখলের হামলায় অংশগ্রহণ কেএনএ।