রাজতন্ত্রকে অপমানের দায়ে থাই এমপির ৬ বছরের কারাদণ্ড

থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমান করায় এমপি রুকচানোক শ্রীনর্ককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুটি টুইটার পোস্টে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগে শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করেছে রাজধানী ব্যাংককের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

থাই লয়ার্স ফর হিউম্যান রাইটস (টিএলএইচআর) গোষ্ঠী জানিয়েছে, আইস নামে পরিচিত ২৯ বছর বয়সী রুকচানোক শ্রীনর্ককে থাইল্যান্ডের কঠোর লেস-ম্যাজেস্টি আইনের কম্পিউটার অপরাধ আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এটি রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন একটি কোম্পানির কোভিড-১৯ এর টিকা তৈরির চুক্তির সমালোচনার সঙ্গে সম্পর্কিত একটি মামলা।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন এবং সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন শ্রীনর্ক। তিনি আর রাজতন্ত্রের সমালোচনা করবেন না- এই শর্তে ১৪ হাজার ডলারে শ্রীনর্কের জামিন মঞ্জুর করা হয়েছে। এদিকে তার জামিন বাতিল হলে বা জেলে গেলে এমপি পদ হারাতে পারেন।

দুটি টুইটার পোস্টে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগে শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করেছে রাজধানী ব্যাংককের একটি আদালত। এক পোস্টে থাইল্যান্ডের কোভিট-১৯ মহামারি পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে সমালোচনা করেন। আর দ্বিতীয়টিতে রাজতন্ত্রের সমালোচনামূলক পোস্টের জন্য।

২০২০ সালে লিজ-ম্যাজিস্টি আইনের বিরোধিতা করে একটি যুব-বিক্ষোভ হয়েছিল। সেই আন্দোলনে অধিকারকর্মী হিসাবে জড়িত ছিলেন শ্রীনর্ক। থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের হিসাবমতে, ২০২০ সাল থেকে লিজ-ম্যাজিস্টি আইনের আওতায় প্রায় ২৬০টি অভিযোগ দায়ের হয়েছে। বিক্ষোভে জড়িত থাকায় প্রায় ২ হাজার জনকে বিভিন্ন আইনে বিচার করা হয়েছে।