গোপনীয়তা লঙ্ঘনের মামলায় ইমরান খানের জামিন, মুক্তি অনিশ্চিত

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে দুর্নীতির মামলায় তিন বছরের জন্য কারাবাস ও অপর মামলা থাকায় তিনি কীভাবে মুক্তি পাবেন তা স্পষ্ট নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুপ্রিম কোর্টের লিখিত আদেশে বিচারপতিরা বলেছেন, ইমরান খানের দ্বারা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের ঘটনায় একটি বিদেশি শক্তি সুবিধা পাচ্ছে বলে পর্যাপ্ত অকাট্য প্রমাণ পাননি তারা।

আদেশে আরও বলা হয়েছে, নির্বাচনের সময় জামিনে ইমরান খানের মুক্তি প্রকৃত নির্বাচন নিশ্চিত করবে। ফলে মানুষ তাদের মত কার্যকর ও অর্থপূর্ণভাবে প্রকাশের চর্চা করতে পারবে। তার জামিন মঞ্জুর না করার মতো ব্যতিক্রম কোনও পরিবেশ নেই।

তবে তিন বছরের কারাদণ্ডের সাজা ভোগ এবং আরও বেশ কয়েকটি মামলা থাকায় কীভাবে জামিনে ইমরান খান মুক্তি পাবেন তা স্পষ্ট নয়। 

২০২২ সালের এপ্রিলে সংসদে আস্থাভোটে ক্ষমতাচ্যুত হন ৭১ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা। এরপর থেকে রাজনৈতিক ও আইনি বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় বিদেশে পাওয়া উপহার বিক্রি করার অভিযোগে বর্তমানে তিনি তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একটি হাইকোর্ট এই রায় বাতিল করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে শুক্রবার তার দলের পক্ষ থেকে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।