পাকিস্তান থেকে ভারতে ঢুকছে ঝাঁকে ঝাঁকে মাদকবাহী ড্রোন

পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে মাদকবাহী ড্রোন ভারতের সীমান্তে প্রবেশ করছে। এই ড্রোনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মাদকের কারবার বেড়ে যাওয়ায় ভারতের পাঞ্জাব রাজ্যে সংকট তৈরি হয়েছে। যা জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে ধারণা করছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পাঞ্জাবের সীমান্ত রাজ্যে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা গার্ডিয়ানকে বলেন, ২০২৩ সালে পাকিস্তান থেকে আসা ৯০টি ড্রোন আটক করা হয়েছে। এযাবৎকালের সবচেয়ে বেশি পাকিস্তানি ড্রোন আটক করেছে বাহিনীটি। বিএসএফ বলেছে, ভারতে মাদকবাহী ড্রোন প্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছেই।

বিএসএফ জানিয়েছে, এই ড্রোনগুলো বেশিরভাগ সময় আফিম ও হেরোইন বহন করে। সম্ভবত এই মাদকগুলো আফগানিস্তান থেকে আসে। ছোট ব্যাগ বা কোকাকোলার বোতলে ভরে মাদক পার করে। তবে কেউ কেউ পিস্তল ও চীনা তৈরি অ্যাসল্ট রাইফেলসহ অস্ত্র পাঠায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, হেক্সাকপ্টার নামে পরিচিত ড্রোনগুলো ৮ ফুটের মতো চওড়া, যার গায়ে উচ্চ রেজোলিউশনযুক্ত ক্যামেরা রয়েছে। ভারতের সীমান্তের ভেতর ১২ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে থাকে এই ড্রোনগুলো।

ভারতীয় সীমান্ত কর্মকর্তারা বলছেন, পাকিস্তান থেকে বহু ড্রোন ভারতে আসছে। যার ফলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাচ্ছে।

পাঞ্জাবের বিএসএফ পরিদর্শক জেনারেল অতুল ফুলজেলে বলেন, ভারতে বৈধ প্রবেশাধিকার নেই এমন যেকোনও কিছুই আমাদের জন্য  হুমকি।