জাপানে ৯০ মিনিটে ২১টি ভূমিকম্প

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাত্র নব্বই মিনিটের মধ্যে জাপানে পরপর ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব কম্পন  ৪ দশমিক শূন্য মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ছিল। সোমবার জাপানের মধ্যাঞ্চলে এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে  ৭ দশমিক ৬ মাত্রার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা এখবর জানিয়েছে।

ভূমিকম্পের পর জাপান সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় নোটো এলাকার বাসিন্দাদের ‘তাৎক্ষণিকভাবে উঁচু ভূমিতে সরে যেতে’ বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, প্রথম সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইশিকাওয়ার ওয়াজিমা বন্দরে। সেখানে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ উঠছে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আর নোটোতে ৫ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জাপান একটি ভূমিকম্প প্রবন দেশ। ২০১১ সালে একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা পারমাণবিককেন্দ্রে বিপর্যয় ঘটায়। ওই সুনামিতে প্রায় ১৮ হাজার ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের এলাকায় অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনও জটিলতা দেখা দেয়নি। কিন্তু উপকূলীয় এলাকার মানুষদের দ্রুত সরে যাওয়া গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। দয়া করে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যান।

টোকিওতে কম্পন

এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা গেছে, উপকূলীয় শহর সুজুতে একটি ভবন ধসে পড়েছে। কানাজাওয়া শহরের বাসিন্দারা কম্পন  শুরুর পর টেবিলের নিচে আশ্রয় নিয়েছেন।

শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে রাজধানী টোকিওর কয়েকটি ভবন।