শাহবাজের সঙ্গে জোট করছেন বিলাওয়াল?

পাকিস্তানের কেন্দ্র ও পাঞ্জাবে একটি জোট সরকার গঠনে রাজি হয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। শুক্রবার রাতে (৯ জানুয়ারি) পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করেছেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ। বৈঠক শেষে জোট সরকার গঠনে সম্মত হয়েছেন তারা। সূত্রের বরাতে পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য নিউজ এই খবর জানিয়েছে। 

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন রেজা নকভির বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শাহবাজ। বৈঠকটি ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল।

এর আগে, পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিপিপির এই দুই নেতাকে পিএমএল-এন নেতাদের সঙ্গে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন শাহবাজ।

দলীয় সূত্র জানিয়েছে, সেখানে শাহবাজ সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন।

সূত্রগুলোর দাবি, আসিফ জারদারি এবং শাহবাজ পাঞ্জাবে এবং কেন্দ্রে সরকার গঠনে সম্মত হয়েছেন। পরবর্তী বৈঠকে  উভয় দলই তাদের নিজস্ব মতামত উপস্থাপন করবে। এসময় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কে কোন কার্যালয়ে এবং কোথায় থাকবেন এ বিষয়গুলোসহ ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত সব বিষয় চূড়ান্ত করা হবে।

শুক্রবার দেশকে বাঁচাতে জোট সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন পিএমএল-এন এর কায়েদ এবং সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ নওয়াজ শরিফ।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্যও জোট করেছিলেন শাহবাজ ও বিলাওয়াল।