ভারতে আবারও আন্দোলনে নেমেছে কৃষকরা। ফলসের ন্যূনতম মূল্যের নিশ্চয়তার দাবিতে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী নয়াদিল্লির পথে রওনা হয় কৃষকরা। তাদের পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মার্কিন বার্তা সংস্থা-এপি এ খবর জানিয়েছে।
ফসলের ন্যূনতম নিশ্চিত মূল্যের দাবিতে সোমবার হারিয়ানা ও পাঞ্জাবে বিক্ষোভ করে কৃষকরা। দাবি আদায়ে দিল্লি অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। তাদের এই ‘দিল্লি চলো’ অভিযান ঠেকাতে সোমবার থেকে ১২ মার্চ পর্যন্ত রাজধানীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
কৃষকদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি আসার রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিকে, ট্রাক্টর ও ট্রাকে করে দিল্লি আসতে থাকে কৃষকরা। ব্যারিকেড ভেঙে দিল্লি প্রবেশের সময় উত্তর হরিয়ানা সীমান্ত পয়েন্টে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া বিক্ষোভকারী কৃষকদের ওপর ড্রোন থেকেও কাঁদানে গ্যাস ছুড়ে তারা। এসময় পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ।
২০২১ সালের নভেম্বরে কৃষি আইন প্রত্যাহার করে মোদী সরকার। সেসময় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় আন্দোলন করে কয়েক হাজার হাজার কৃষক। বলা হয়, কৃষক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে এটি প্যানেল তৈরি করে, ফসলের ন্যূনতম নির্ধারিত মূল্য নিশ্চিত করার উপায় খুঁজে বের করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। তখন থেকেই আয় দ্বিগুণ ও ঋণ মওকুফের প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে কৃষকরা।
এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত নয়াদিল্লিতে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন কৃষকরা। শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছে হাজারো কৃষক ও ট্রেড ইউনিয়নগুলো।