রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

রাশিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোডের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ধসে পড়া ভবনটির ভিডিও পোস্ট করেছেন অঞ্চলটির গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ। ওই ফুটেজে ১০ তলা ভবনটিকে ধসে পড়তে দেখা গেছে।

গ্ল্যাডকভ বলেছেন, ‘বেলগোরোড শহর এবং বেলগোরোড অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।’

রাশিয়ার ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে, এইা হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

তবে এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বা সেগুলো পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গেছেন অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘একটি ১০তলা ভবনের পুরো অংশই ধসে পড়েছে। আমি অনেক ভুক্তভোগীকে দেখছি। দমকলকর্মীরা তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের চেষ্টা করছেন।’

রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, তাদের বিমান বাহিনী বেলগোরোড অঞ্চলে ইউক্রেন বাহিনীরসোভিয়েত যুগের প্রচলিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।