অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক কমান্ডারসহ ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩ আগস্ট) তুলকারেমে একটি গাড়িতে এই হামলা করা হয়। এতে হামাস নেতা শেখ হাইথাম বালিদিসহ বাকি চারজনের মৃত্যু হয়। হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাফার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরের পাশে সশস্ত্র গোষ্ঠীর একটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তারা।
সাফা জানিয়েছে, উত্তর তুলকারেমের আতিল ও যেইতা এলাকা সংযোগকারী সড়কে সশস্ত্র যোদ্ধাদের বহনকারী একটি গাড়িতে এই হামলা করা হয়।
নিহতদের মধ্যে বালিদিও ছিলেন বলে জানিয়েছেন তুলকারেম সরকারি হাসপাতালের প্রধান ড. আমিন খাদের।
ফিলস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মানারও চারজনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।