চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বন্যা ও ভূমিধসে দুইজন নিহত হয়েছেন। দুটি পৃথক ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ১৭ জন। বানের জলে গ্রামের ঘরবাড়ি ভেসে গেছে। ধ্বংস হয়েছে একটি মহাসড়কের কিছু অংশ। শনিবার (৩ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
সিসিটিভি জানিয়েছে, সিচুয়ানের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চল কাংডিংয়ে শুক্রবার রাতে কাদা ধস হয়। এতে একটি গ্রামের কয়েকটি বাড়ি ধসে যায়। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১২ জন।
শনিবার সকালে কাংডিং ও ইয়ান সংযোগকারী একটি এক্সপ্রেসওয়েতে দুটি টানেলের সংযোগকারী একটি সেতু ভেঙে যায়। এ ঘটনায় তিনটি গাড়ি হাইওয়ে থেকে নিচে পড়ে গেছে। ছয় যাত্রীর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। তবে তারা সেতু থেকে পড়ে গিয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
চলতি গ্রীষ্মে রেকর্ড বৃষ্টি ও তাপপ্রবাহে বিপর্যস্ত চীন। জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে আরও চরম আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। গত এক দশকে, ঝড় ও বন্যায় দক্ষিণাঞ্চলীয় সিচুয়ান ও হুনান সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।