রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা, জরুরি অবস্থা জারি  

রাশিয়ার কুরস্ক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেনের বিরল আন্তঃসীমান্ত হামলার মুখে স্থানীয় সময় বুধবার (৭ আগস্ট) এই ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর আলেক্সি স্মিরনভ বলেছেন, ‘অঞ্চলটিতে শত্রু বাহিনী আসন্ন পরিণতি দূর করার জন্য’ এই পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় ছিল।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন শিশু।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি ইউক্রেন। এই আক্রমণের গভীরতা অস্পষ্ট রয়ে গেছে।

রাশিয়ায় ইউক্রেনের আন্তঃসীমান্ত আক্রমণের কারণ

মস্কো জানিয়েছে, মঙ্গলবার সকালে ১ হাজার ইউক্রেনীয় সেনা, ১১টি ট্যাঙ্ক এবং ২০টিরও বেশি সাঁজোয়া যুদ্ধ যান সুডজা শহরের কাছ দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিল।

মঙ্গলবার বেশ কয়েকটি গ্রামে লড়াই হওয়ার কথা জানা গেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল না করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সেখানে সব ধরণের জনসমাবেশও বাতিল করা হয়েছে।

কুরস্কে বেশ কয়েকটি বিমান সতর্কতা জারি করা হয়েছে। অনলাইনে প্রকাশিত ফুটেজে যুদ্ধবিমানগুলোকে এই অঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা গেছে। এসময় স্থলভাগ থেকে ধোঁয়া উঠতেও দেখা যায়। বিবিসি এই ফুটেজগুলো যাচাই করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু হওয়ার পর থেকে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ অত্যন্ত বিরল।