বিক্ষোভে উত্তাল কলকাতা

নারীদের রাত দখলের আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে

কলকাতার আরজি কর হাসাপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ করে খুনের ইস্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ। ঢেউ ভারতের কোণায় কোণায়। এরইমধ্যে ভারতের স্বাধীনতা দিবসের রাতে অভিনব প্রতিবাদে নামছেন নারীরা। রাত জাগবেন নারীরা। ডাক দেওয়া হয়েছে রাত দখলের।

রাজ্যের বিভিন্ন জায়গায় মধ্যরাতে দেওয়া হয়েছে জমায়েতের ডাক। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর প্রচার। রাত ১১টা থেকে শুরু হচ্ছে জমায়েত। কলকাতাতেও বিভিন্ন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। তার আগে জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনারদের নিয়ে দুপুরে বৈঠক করেন ডিজি।

কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও কর্মসূচি পালন হবে। প্রশাসনিক সূত্রের খবর, তাই সারা রাত এই কর্মসূচিতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিশেষ করে পর্যাপ্ত নারী পুলিশ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আরজি করের আন্দোলনের পাশাপাশি মাঝরাতে স্বাধীনতা দিবসও পালন করবে শাসক দলের কর্মী-সমর্থকেরা। ফলে কোনও রকম অসুবিধা যাতে না হয় তার জন্য পর্যাপ্ত বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

রাতের আন্দোলনের কথা মাথায় রেখে এদিনই আবার রাতে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে দুটি ট্রেন। আর একটি ছাড়বে ১০টা ২০ মিনিটে। এসব তথ্য জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতোমধ্যে আরজি কর কাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের থেকে চলে গেছে সিবিআইয়ের কাছে। শহরে এসে গেছে সিবিআইয়ের বিশেষ টিম।

বুধবার দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় জমায়েত হবে। মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় এই জমায়েত হবে।

পাশাপাশি বেঙ্গালুরুতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর তিন জায়গা– স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত ১১টা ৩০ মিনিটে রাত দখলের ডাক দেওয়া হয়েছে।