ভিয়েতনামের গভীর জঙ্গল থেকে ৫ দিন পর ছয় বছরের শিশু উদ্ধার

ভিয়েতনামের ইয়েন বাই প্রদেশের গভীর জঙ্গল থেকে পাঁচ দিন নিখোঁজ থাকার পর ছয় বছরের শিশু ড্যাং তিয়েন ল্যামকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট ল্যাম তার ৯ ভাইবোনের সঙ্গে একটি ঝর্নার ধারে খেলতে গিয়ে পাহাড়ে হারিয়ে যায়। বুধবার (২১ আগস্ট) তাকে উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় কৃষকরা বুধবার জঙ্গলের কাছে একটি দারুচিনি ক্ষেত পরিষ্কার করার সময় শিশুটির কান্না শুনে তাকে খুঁজে পান। ল্যামকে কাসাভা গাছের ঝোপের মধ্যে বসে থাকতে দেখা যায়। যেখান থেকে সে হারিয়ে গিয়েছিল তার প্রায় ৬ কিলোমিটার দূরে। দীর্ঘ সময় ধরে খাবার ও পানি না পেয়ে শিশুটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়াতে পারছিল না।

৫২ বছর বয়সী কৃষক লি ভ্যান নাং জানান, ল্যাম তাকে বলেছিল, আমি খুব ক্লান্ত, আমি দাঁড়াতে পারছি না, দয়া করে আমাকে তুলে নিন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ল্যাম পাতা, বুনো ফল এবং ঝর্নার পানি খেয়ে জীবিত ছিল।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করার পর খাবার ও কেক দিয়ে তাকে সেবা করছে। উদ্ধার হওয়ার সময় ল্যামের পরনে ছিল লাল টি-শার্ট এবং শর্টস, যা পুরোপুরি ময়লায় ভরে গিয়েছিল।

লি ভ্যান নাং বলেন, শিশুটি আমাকে বলেছিল, যখন সে হারিয়ে যায়, তখন সে বাড়ির পথ খুঁজে পায়নি। যতই সে হাঁটতে থাকে, ততই সে পথ হারিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ল্যামকে জীবিত পাওয়া ‘একটি অলৌকিক ঘটনা’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর, অনেকেই ল্যামের পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন এবং উদ্ধারকারী দলের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

জানা গেছে, স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ, সেনা সদস্য এবং স্বেচ্ছাসেবকসহ ১৫০ জনের বেশি লোককে এই শিশুটিকে খুঁজে বের করার কাজে নিয়োজিত করা হয়েছিল।