ইউক্রেনীয় হামলার পর ক্রিমিয়ায় ফেরি পরিষেবা বাতিল করলো রাশিয়া

রুশ জাহাজে ইউক্রেনীয় হামলার পর দক্ষিণ রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ আগস্ট) রুশ পরিবহন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার তেলবাহী গাড়ি বহনকারী একটি জাহাজে হামলা করে ইউক্রেন। এর পরই ফেরি পরিষেবা বাতিল করে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার ইউক্রেনীয় নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের পোর্ত কাভকাজ বন্দরে এটি একটি ফেরি ধ্বংস করেছে। কৃষ্ণ সাগরের একটি অন্যতম বড় বন্দর এটি। বন্দরটি ক্রিমিয়ায় জ্বালানী ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করা হতো। ২০১৪ সালে ইউক্রেনের থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া।

একটি বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় সাময়িকভাবে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বন্দরটিতে পরিষ্কার-পরিচ্ছন্তার কাজ চলছে।

মন্ত্রণালয়টি আরও জানায়, ক্রিমিয়ায় কার্গো পাঠানোর জন্য বিকল্প একটি রুট ব্যবহার করা হতে পারে।

জরুরী পরিষেবার বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ইউক্রেনের হামলার কারণে সৃষ্ট আগুনে কার্যত বন্দরের অবকাঠামোগত কোনও ক্ষতি না হলেও ফেরিটির অর্ধেক ডুবে গেছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ ফেরিটি ডুবে যাওয়ার কথা জানিয়েছিল।

তিমিরুর শহরের জেলা প্রধান ফিদর বিবেনকভ বলেছেন, ফেরিটিতে জ্বালানী বহনকারী ৩০টি গাড়ি ছিল।

বৃহস্পতিবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছিল, হামলার পর ১৭ জনকে উদ্ধার করা হয়েছিল।