২২ আরোহী নিয়ে বিধ্বস্ত সেই রুশ হেলিকপ্টারের কেউই বেঁচে নেই

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে জীবিত কাউকে পাওয়া যায়নি। রবিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শনিবার এমআই-৮টি হেলিকপ্টারটি ১৯ যাত্রী ও ৩ ক্রু সদস্য নিয়ে নিখোঁজ হয়।

এর আগে, রয়টার্স জানিয়েছিল, হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকেল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও, ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হয়।

১৯৬০ এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে, গত ১২ আগস্ট ১৬ আরোহী নিয়ে কামচাটকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে ও আলাস্কার ২ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।