মোটরসাইকেলের মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণ এনে লুকিয়ে রাখার কৌশল নিয়েছিল আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্র। কিন্তু, চব্বিশ ঘণ্টা সীমানা পাহারার কাজে যুক্ত বিএসএফ জওয়ানেরা তা রুখে দিলো। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগগঞ্জের বয়রাঘাটে বাংলাদেশ সীমান্তে।
গোপন সূত্রে খবর পেয়ে, ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বয়রাঘাট আউটপোস্ট এলাকায় তল্লাশি চালাতেই মোটরসাইকেল ফেলে পালায় পাচারকারীরা। মোটরসাইকেলের নম্বর চেক করে জানা গেছে, সন্দেহভাজন পাচারকারীর নাম মালেক শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানারই পিরোজপুরে।
বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি তরুণ গৌতম জানান, বাইক খুলে ১২টি স্বর্ণের বিস্কুট পাওয়া গেছে। এগুলোর আনুমানিক বাজারদর এক কোটি রুপির বেশি। বিএসএফ উদ্ধার হওয়া স্বর্ণ ও বাইকটি কাস্টমস দফতরকে হস্তান্তর করবে।
বিএসএফ ও পুলিশ কর্তাদের মতে, ভারতে স্বর্ণের আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় পাচারকারীরা বাংলাদেশ রুটে চোরাই স্বর্ণ ঢোকাচ্ছে। তবে, বিএসএফ সতর্ক নজরদারি জারি রেখেছে।