যুদ্ধে এখনও বড় কোনও প্রভাব ফেলেনি উ. কোরীয় সেনারা, দাবি ইউক্রেনের

রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি ইউক্রেন যুদ্ধে এখনও বড় কোনও প্রভাব ফেলেনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ইউক্রেনের মতে, ‘প্রায় ৫০০ কর্মকর্তা ও তিনজন জেনারেল’সহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা সীমান্তবর্তী কুরস্কে নিয়োজিত রয়েছেন। আগস্ট থেকে এই অঞ্চলের কিছু অংশ ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে।

তবে রাশিয়া বা উত্তর কোরিয়া যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে উত্তর কোরীয় সেনাদের মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার (জিইউআর) মুখপাত্র ইয়েভগেন ইয়েরিন এএফপিকে বলেছেন, ‘যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলেনি।’

তিনি বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার সেনাদের আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা কম, বিশেষ করে ড্রোন ও কৌশলগুলো ব্যবহার।’ তাদের যুদ্ধের ধরন আদিম।

তিনি আরও বলেন, ‘তবে তারাও শিখছে এবং শত্রুকে আমরা অবমূল্যায়ন করতে পারি না।’

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, উত্তর কোরিয়ার প্রায় ৩ হাজার সেনা এখন পর্যন্ত ‘নিহত বা আহত’ হয়েছে।