বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘অমানবিক’: জেলেনস্কি

বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটিকে তিনি অমানবিক বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি ব্যাপক হামলার প্রস্তুতির জন্য সময় নেয় রাশিয়া। এটি কখনই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। শুধু লক্ষ্যবস্তু নয়, সময় ও তারিখেরও একটি সচেতন পছন্দ এটি।’

তিনি বলেন, ‘আজ, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিকসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো। তারা ইউক্রেনে ব্ল্যাকআউটের জন্য যুদ্ধ করছে।’

জেলেনস্কি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনী ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশ গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন।

তাদের কাজের প্রশংসা করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমানে যারা দেশের জন্য কাজ করছেন, যারা যুদ্ধের দায়িত্ব পালন করছেন, যারা আমাদের আকাশ রক্ষা করছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

এসময় তিনি সবাইকে সর্বাধিক চেষ্টা করার আহ্বান জানিয়েছে বলেন, ‘রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না।’