যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যে ট্রাম্প-শি ফোনালাপ

বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সিনহুয়া জানায়, ফোনালাপটি ট্রাম্পের অনুরোধে হয়েছে। তবে দুই নেতার মধ্যে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউজও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এ ফোনালাপকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ রফতানি নিয়ে ওয়াশিংটন ও বেইজিং একে অপরকে দোষারোপ করে আসছে। এতে দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে আগে গৃহীত সীমিত বাণিজ্যচুক্তিও প্রশ্নের মুখে পড়ে।

গত ১২ মে যুক্তরাষ্ট্র ও চীন ৯০ দিনের জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছায়, যার আওতায় পরস্পরের ওপর আরোপিত শতভাগের কাছাকাছি পাল্টা শুল্ক কিছুটা প্রত্যাহারের কথা বলা হয়। কিন্তু সাম্প্রতিক উত্তেজনা সেই চুক্তির স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে।

সূত্র: রয়টার্স