উত্তর-পূর্ব ভারতের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন উলফা (আই) দাবি করেছে, মিয়ানমারে তাদের ঘাঁটির ওপর ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিনজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী এমন কোনও অভিযানের তথ্য থাকার কথা অস্বীকার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
রবিবার ভোররাতে ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর কয়েকটি ঘাঁটিতে স্থানীয় সময় রাত ২টা থেকে ৪টার মধ্যে হামলা হয় বলে দাবি করেছে উলফা (আই)। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তাদের লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেধি ওরফে নয়ন অসম নিহত হন এবং আরও ১৯ জন আহত হন।
পরে নয়নের শেষকৃত্যের সময় ফের ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুই শীর্ষ সদস্য ব্রিগেডিয়ার গণেশ অসম ও কর্নেল প্রদীপ অসম নিহত হন বলেও দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে স্বঘোষিত সেকেন্ড লেফটেন্যান্ট ইশান অসমের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধবিমান ব্যবহার করে হামলা অব্যাহত রেখেছে। আমরা আসামের আদিবাসী জনগণকে জানাতে চাই, এই ঔপনিবেশিক রাষ্ট্রের বর্বরোচিত হামলার প্রতিশোধ আমরা নেবই।
তবে গুয়াহাটিভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, এ ধরনের অভিযানের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে কোনও তথ্য নেই।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই। রবিবার গোলাঘাটে সাংবাদিকদের তিনি বলেন, আসাম পুলিশের কোনও সংশ্লিষ্টতা নেই এবং আসামের মাটি থেকে কোনও অভিযান পরিচালিত হয়নি। সাধারণত এমন কিছু হলে সেনাবাহিনী বিবৃতি দেয়, এখনও তারা কিছু বলেনি। পরে হয়তো বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, উলফা (আই)-এর প্রধান পরেশ বড়ুয়া বর্তমানে মিয়ানমারে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। সংগঠনটি স্বাধীনতা ছাড়া কোনও আলোচনায় বসতে নারাজ। তবে উলফার একটি আলোচনাপন্থি গোষ্ঠী ২০২৩ সালের ডিসেম্বরে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক শান্তিচুক্তি স্বাক্ষর করেছে।